নোয়াখালীতে ব্যবসায়ী হত্যায় দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সদর উপজেলার এক ব্যবসায়ীকে হত্যা করায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত রোববার দুপুরে নোয়াখালীর অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ ফারুক এ রায় দেন।

হত্যার শিকার ব্যবসায়ীর নাম আরিফ হোসেন (২৮)। তিনি সদর উপজেলার সোলাঘটিয়া গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পারিবারিক জ্বালানি তেলের ব্যবসা দেখাশোনা করতেন।

সাজা পাওয়া দুই আসামি হলেন চর দরবেশ গ্রামের আরিফুর রহমান ওরফে পিয়াস ও মোতাহের হোসেনের ছেলে মোরশেদ আলী ওরফে সুমন। তাঁরা দুজনই পলাতক আছেন। যাবজ্জীবন সাজার পাশাপাশি প্রত্যেক আসামিকে দশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দণ্ডবিধি ৪১১ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় উভয় আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী মো. জাকারুল ইসলাম রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ এপ্রিল তেল বিক্রির টাকা ওঠানোর জন্য সকালে বাড়ি থেকে বের হয়ে একটি লাল মোটরসাইকেলসহ নিখোঁজ হন আরিফ হোসেন। পরদিন ১৮ এপ্রিল ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামের আসামি আশিকুর রহমান ওরফে পিয়াসকে অন্য একটি ঘটনায় পুলিশ আটক করে। তাঁর সঙ্গে লাল রঙের মোটরসাইকেল দেখে আরিফের পরিবারের লোকজন পুলিশকে আরিফের বিষয়ে অবহিত করে। পুলিশ আশিকুরকে ব্যবসায়ী আরিফের নিখোঁজ হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার ঘটনা স্বীকার করেন। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক একটি কচুখেতের মাটি খুঁড়ে আরিফের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই আশিকুর রহমান, মোরশেদ আলীসহ ছয়জনকে আসামি করে সুধারাম থানায় একটি হত্যা মামলা হয়। আদালত মামলার বাকি আসামিকে খালাস দিয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মো. বোরহান আহমেদ ও মাহমুদ হাসান, আর আসামিপক্ষে মামলা পরিচালনা করেন হারুনুর রশিদ হাওলাদার ও স্বপন চন্দ্র পাল।