নোয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে ১৭ লাখ টাকা ছিনতাই
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজারের কাছে ব্যবসায়ী তৈমুর আনোয়ারুল করিমকে (৩০) কুপিয়ে ১৭ লাখ ৩১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিকেলে পুলিশ একলাশপুর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রায়হান (২০) নামে এক যুবককে আটক করেছে। তবে ছিনতাই হওয়া টাকা এখনো উদ্ধার করতে পারেনি।ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তৈমুর আনোয়ারুল গুরুতর আহত হয়েছেন। তাঁকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত তৈমুর আনোয়ারুল একলাশপুর বাজারের ফিডাপ সিএনজি ফিলিং স্টেশনের পরিচালক। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা এক ঘণ্টার বেশি সময় ধরে চৌমুহনী-মাইজদীমহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের দুই দিকে অসংখ্য যানবাহন আটকা পড়ে যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়ে।আহত তৈমুর আনোয়ারুল করিম প্রথম আলোকে বলেন, সাড়ে ১১টার দিকে তিনি একলাশপুর বাজারে তাঁদের ফিডাপ সিএনজি ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে সঙ্গে নিয়ে একটি প্রাইভেট কারযোগে নগদ ১৭ লাখ ৩১ হাজার টাকা মাইজদী পূবালী ব্যাংকে জমা দেওয়ার জন্য রওনা হন। প্রাইভেট কারটি সিএনজি স্টেশন থেকে আনুমানিক আধা কিলোমিটার দক্ষিণে গাবুয়া বাজারের কাছে যাওয়া মাত্র হলুদ রঙের একটি পিকআপ ভ্যান চলন্ত প্রাইভেট কারের সামনে এসে দাঁড়িয়ে গতিরোধ করে। এরপর মুহূর্তের মধ্যে সাত-আটজনের স্থানীয় একদল যুবক চাপাতি দিয়ে তাঁকে কুপিয়ে আহত করে প্রাইভেট কারের কাঁচ ভেঙে ব্যাগভর্তি টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যায়।জানতে চাইলে ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করেন ঘটনাস্থল বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। আসামিদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।