নোয়াখালীতে ব্যবসায়ীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ লাশ উদ্ধার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার খাসেরহাট বাজারের একটি মার্কেটের পরিত্যক্ত কক্ষ থেকে রেদওয়ান হোসেন (২৫) নামে এক ব্যবসায়ীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে। রেদওয়ান উপজেলার চর আমানউল্লাহ গ্রামের মানু মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা তিনটার দিকে ওই বাজারের রোজিনা সুপার মার্কেটের পরিত্যক্ত একটি কক্ষের ভেতর থেকে কিছুটা ধোঁয়া বের হতে দেখে আশপাশের দোকানিরা ছুটে গিয়ে কক্ষের শাটার খোলার চেষ্টা করেন। কিন্তু শাটারটি ভেতর থেকে বন্ধ দেখে তাঁরা বিষয়টি থানায় জানান। বিকেল চারটার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।রেদওয়ানের ছোট ভাই মো. জুয়েল জানান, রেদওয়ান ও সাইফুল নামের অপর এক ব্যক্তি ওই মার্কেটের পার্শ্ববর্তী মসজিদ মার্কেটে টেইলারির ব্যবসা করতেন। রেদওয়ান প্রতিদিনের মতো গত শনিবার রাতেও দোকানে ঘুমিয়ে ছিলেন। গতকাল সকাল থেকে দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। কীভাবে এ ঘটনা ঘটল তিনি বুঝতে পারছেন না। তাঁকে পরিকল্পিতভাবে কেউ হত্যা করেছে বলে তিনি ধারণা করছেন।চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চৌধুরী গতকাল রাত আটটায় প্রথম আলোকে জানান, কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। আবার লাশটির হাত ও পা বাধা অবস্থায় ছিল। ঘটনাটি রহস্যজনক। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।