নোয়াখালীতে ভাঙচুর ও আগুনের ঘটনায় মামলা, ওসি প্রত্যাহার
নোয়াখালী শহরে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ-ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় ৬১০ জনের বিরুদ্ধে সুধারাম থানায় মামলা হয়েছে। এ ছাড়া ওই গোলযোগ চলাকালে কর্তব্যে অবহেলার অভিযোগে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেনকে প্রত্যাহার করা হলে গতকাল রাত নটায় ডিআইজির নির্দেশে চর জব্বার থানায় বদলি করা হয়।সুধারাম থানার পুলিশ জানায়, বৃহস্পতিবারের ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) এয়াছিন ফারুক বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬০০ জন অজ্ঞাত নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এজাহারে যে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন: রেহান, রোফ, সেলিম, জহির, আপু, ইউছুফ, কাউছার, করিম, নাছির ও মো. রাসেল। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।অন্যদিকে, সুধারাম থানার ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী। তিনি গতকাল শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশে ওসি মোশারফকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে সুবর্ণচরের চর জব্বার থানার ওসি আবুল কালাম চৌধুরীকে সুধারাম থানায় বদলি করা হয়েছে।