নোয়াখালীতে ভিজিএফের চাল আত্মসাতের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয় থেকে ভিজিএফের ১০ বস্তা চাল পাচারকালে আটক করেছে জনতা। গত সোমবার সকালে ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নরোত্তমপুর ইউনিয়নের ১ হাজার ৬৬১টি দুস্থ পরিবারের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে প্রায় সাড়ে ১৬ মেট্রিক টন চাল বরাদ্দ (১৬ হাজার ৬১০ কেজি) দেওয়া হয়। ১১ ও ১২ সেপ্টেম্বর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি মো. মোস্তফার উপস্থিতিতে চাল বিলি শুরু হয়। দুই দিন বিলি শেষে ৮০ বস্তা চাল ইউপি কার্যালয়ের গুদামে রাখা হয়।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গুদামে রাখা চাল থেকে ১০ বস্তা চাল বিক্রির উদ্দেশ্যে সোমবার সকাল সাড়ে আটটার দিকে দুটি ভ্যানগাড়িযোগে ইউপি কার্যালয় থেকে অন্যত্র নেওয়া হচ্ছিল। কালামিয়ার পোল এলাকায় জনতা চালগুলো আটক করে। এ সময় ভ্যানচালকেরা বলেন, চালগুলো ইউপি সচিব ও অফিস সহকারী বিক্রি করেছেন।
ইউপি চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্যাহ বলেন, পরিষদের অফিস সহকারী খোকন ও সচিব আবু সাহেদ তাঁর অগোচরে ১০ বস্তা চাল অন্যত্র বিক্রি করেছেন। তিনি জানার পর লোক পাঠিয়ে চালগুলো উদ্ধার করে তদারক কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে দুস্থ ব্যক্তিদের মধ্যে বিলি করেছেন।
তদারকের দায়িত্বে থাকা মো. মোস্তফা প্রথম আলোকে বলেন, ১১ সেপ্টেম্বর বিলি শেষে তিনি ৮০ বস্তা চাল ইউপি কার্যালয়ের গুদামে রেখে আসেন। পরের দিন সকালে পরিষদের সচিব ও অফিস সহকারী গুদামে রাখা ১০ বস্তা চাল বিক্রি করে দেন। যা ভ্যানগাড়িযোগে নেওয়ার পথে এলাকার লোকজনের হাতে ধরা পড়ে। পরে তিনি ওই চাল পরিষদে নিয়ে বিলি করেন।
এ সম্পর্কে বক্তব্য জানতে ইউপি সচিব আবু সাহেদ মো. আলীর মুঠোফোনে গতকাল একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। এ ছাড়া অফিস সহকারী খোকনের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ভিজিএফের চাল বিক্রির জন্য নেওয়ার সময় আটকের কথা শোনার পরই তিনি তদারক কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন। প্রাথমিকভাবে তদারক কর্মকর্তা এ বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। তিনি (ইউএনও) ছুটি থেকে এসে এ ব্যাপারে বাকি ব্যবস্থা নেবেন।