নোয়াখালীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে মো. সোহেল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।
সোহেলের বাড়ি বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামে। তিনি একলাশপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।
সোহেলের মৃত্যুর খবরে হাসপাতালে তাঁর আত্মীয়স্বজন ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনার পর থেকে বিকেল পর্যন্ত হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়।
সোহেলের বড় ভাই মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, দুদিন আগে সোহেল পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর অ্যাপেনডিক্সের সমস্যা চিহ্নিত করেন এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী গতকাল সকাল সাড়ে আটটার দিকে তাঁর ভাইকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। নয়টার দিকে অস্ত্রোপচার করা হয় এবং ওই কক্ষেই তাঁর মৃত্যু হয়।
মোস্তফা কামালের অভিযোগ, ‘অস্ত্রোপচারের আগে আমার ভাইয়ের রক্তচাপ ও হার্ট পরীক্ষা করে দেখা হয়নি এবং অস্ত্রোপচারের সময় তাকে যথাযথভাবে অজ্ঞানও করা হয়নি। তা ছাড়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দিয়ে অস্ত্রোপচার করা হয়েছে। এ কারণে আমার ভাই মারা গেছে।’
অস্ত্রোপচারকারী চিকিৎসক সৈয়দ কামরুল হোসেন বলেন, যথাযথ প্রক্রিয়ায় ওই রোগীর অস্ত্রোপচার করা হয়েছে এবং এতে কোনো ধরনের ত্রুটি ছিল না। কিন্তু সফল অস্ত্রোপচারের পর রোগীর পর পর দুবার হার্ট অ্যাটাক হয়। তখন তিনিসহ কক্ষে অবস্থানরত চারজন চিকিৎসক রোগীকে সুস্থ করার অনেক চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত রোগী মারা যান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এইচ এম মোসলেহ উদ্দিন বলেন, অস্ত্রোপচারের ভুল কিংবা মেডিকেল কলেজের শিক্ষার্থী দিয়ে অস্ত্রোপচার করার অভিযোগ ঠিক নয়। তিনি আরও বলেন, রোগীর স্বজনেরা তাঁর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আজ এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।