নোয়াখালীতে ভুয়া পরীক্ষার্থীসহ দুজনের কারাদণ্ড
নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে এক ভুয়া পরীক্ষার্থীসহ দুজনকে আটক করার পর এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শরীফুল ইসলাম এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ভুয়া পরীক্ষার্থী মো. নুর ইসলাম (২৪) ও তাঁকে ভুয়া পরীক্ষা দিতে প্ররোচনাকারী একই কলেজের চুক্তিভিত্তিক এমএলএসএস হাফিজ উদ্দিন (২০)। আদালতের রায়ের পর তাঁদের কবিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, কবিরহাট সরকারি কলেজের চুক্তিভিত্তিক এমএলএসএস হাফিজ উদ্দিন এইচএসসি পরীক্ষার্থী। তাঁর পরীক্ষা দেওয়ার জন্য উপজেলার ঘোষবাগ ইউনিয়নের চর আলগী গ্রামের মো. নুর ইসলামকে ভাড়া করেন। ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার ঘণ্টাখানেক পর হল পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষকের হাতে ধরা পড়েন নুর ইসলাম। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি কেন্দ্র সচিবকে জানান। নুর ইসলামের তথ্যের ভিত্তিতে তাঁকে ভুয়া পরীক্ষা দিতে প্ররোচনাকারী হাফিজ উদ্দিনকেও আটক করা হয়।
খবর পেয়ে ইউএনও মোহাম্মদ শরীফুল ইসলাম কেন্দ্রে আসেন। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নুর ইসলামকে ও হাফিজ উদ্দিনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইউএনও মোহাম্মদ শরীফুল বলেন, ওই দুজনকে থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।