নোয়াখালীতে ভেজাল ওষুধের কারখানা আবিষ্কার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের মাইজদী হাউজিং এস্টেটের একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল ও নকল ওষুধের একটি কারখানা আবিষ্কার করেছে সুধারাম (সদর) থানা পুলিশ। গতকাল শনিবার সকালে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কারখানার মালিক ও কর্মকর্তা-কর্মচারীসহ তিনজনকে আটক এবং বিপুল পরিমাণ (এক পিকআপভ্যান) ওষুধ ও মোড়কজাত করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ব্যবস্থাপনা পরিচালক লক্ষ্মীপুর সদর থানার লক্ষ্মীপুর গ্রামের আক্তার হোসেন (৩৫), তাঁর ভাই জ্যেষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুবুল আলম (৪৫), গার্ড নোয়াখালী শহরের হাসপাতাল সড়ক এলাকার জহির উদ্দিন (৩৫)।
তাঁদের এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
থানা সূত্রে জানা গেছে, হাউজিং এস্টেটের ৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়িতে (জান্নাত ভবন) গোপনে অবৈধভাবে কারখানা স্থাপন করে ভেজাল ওষুধ বাজারজাত করা হচ্ছে মর্মে তথ্যের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদারের নির্দেশে উপপরিদর্শক (এসআই) জহির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সকাল সাড়ে সাতটার দিকে ওই বাড়ি ঘিরে ফেলে।
এরপর পুলিশ বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে বিভিন্ন কার্টন, প্লাস্টিকের বস্তাভর্তি ও পলিথিন মোড়ানো বিপুল পরিমাণ খোলা ও প্যাকেটজাত ট্যাবলেট-ক্যাপসুল, যৌন উত্তেজক সিরাপ এবং এগুলো মোড়কজাত করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে পুলিশ আক্সা ফার্মাসিউটিক্যাল কোম্পানির তিন কর্মকর্তা-কর্মচারীকে আটক করে।
দুপুরে থানায় সাংবাদিকদের উপস্থিতিতে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান আটক আক্তার হোসেনকে ওষুধ উৎপাদন, বাজারজাতের অনুমোদন কিংবা কোনো কাগজপত্র আছে কি না জানতে চাইলে তিনি বৈধ কাগজপত্র ছাড়া এসব ওষুধ তৈরি করে বাজারজাত করার কথা স্বীকার করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে নোয়াখালী শহরে ভেজাল ও নকল ওষুধ তৈরি করে বাজারজাত করছে বলে তথ্য পাওয়া গেছে। চক্রের বাকি সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।