নোয়াখালীতে ভেজালমুক্ত খাদ্যের দাবিতে মানববন্ধন
নোয়াখালীতে ভেজালমুক্ত খাদ্যের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নোয়াখালী জেলা শাখার উদ্যোগে নোয়াখালী পৌর বাজারের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে বিক্ষোভ মিছিল টাউন হল মোড়ে এসে শেষ হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে কর্মসূচিকে সফল করার লক্ষ্যে শহরের বিভিন্ন এলাকা থেকে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা পৌর বাজারের সামনে জড়ো হতে থাকেন। সকাল ১০টায় সেখানে তাঁরা মানববন্ধন করেন। অংশগ্রহণকারীরা এ সময় ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার দাবিসংবলিত বিভিন্ন পোস্টার ও ব্যানার বহন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখার আহ্বায়ক অঞ্জনা রায়, সদস্যসচিব সুলতানা রাজিয়া ও তাজরিন জাহান, বাসদ নোয়াখালী জেলা শাখার সদস্যসচিব দলিলের রহমান প্রমুখ বক্তব্য দেন।