নোয়াখালীতে ভোট বন্ধ, কোম্পানীগঞ্জে বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার দুটি ভোটকেন্দ্রে বোমা হামলা, ব্যালট পেপার ছিনতাই ও ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। কোম্পানীগঞ্জ উপজেলায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।

সকাল ১০টার দিকে গোপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এ ঘটনা ঘটার পর ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহমদিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের কেন্দ্রেও একই ঘটনা ঘটার পর বেলা ১১টার দিকে কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। প্রিসাইডিং কর্মকর্তা ইবনে সালেহ মোহাম্মদ ফরহাদ প্রথম আলোকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কোম্পানীগঞ্জে বিভিন্ন কেন্দ্র দখল, ভোটারদের ভয়ভীতি দেখানো, দলীয় কর্মী, এজেন্ট ও প্রার্থীদের মারধরের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে উপজেলা বিএনপি। নির্বাচনে অংশ নেওয়া বিএনপি-সমর্থক প্রার্থীরা যৌথভাবে দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের এ কথা জানান।

উপজেলা বিএনপির সভাপতি আবদুুল হাই সেলিম প্রথম আলোকে জানান, দলীয়ভাবে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। একই সঙ্গে তিনি নতুন করে ভোট নেওয়ার আহ্বান জানান। উপজেলা নির্বাচনে অনিয়মের অভিযোগে আগামীকাল শুক্রবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল করা হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুজ্জামান জানান, ‘আমি অফিসের বাইরে আছি। অভিযোগ এখনো হাতে পাইনি। হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে।’