পুলিশ অনুমতি না দেওয়ায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা মিলনায়তনে দলের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠান করতে পারেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। গতকাল শুক্রবার সকাল ১০টায় এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে তিনি অনুষ্ঠানস্থলে না এসে নিজ বাড়িতে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন।
কোম্পানীগঞ্জ মওদুদ আহমদের নির্বাচনী এলাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকাও কোম্পানীগঞ্জ।
দলীয় কর্মসূচি পালনের জন্য গত বুধবার বসুরহাট পৌরসভা কর্তৃপক্ষের কাছ থেকে মিলনায়তনটি বরাদ্দ নেওয়া হয় বলে জানান কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই। তিনি বলেন, অনুষ্ঠান করার জন্য বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় থানা–পুলিশের কাছ থেকেও লিখিত অনুমতি নেন তাঁরা। কিন্তু রাত সাড়ে ৯টায় থানা থেকে ফোন করে বলা হয়, লিখিত অনুমতির আবেদনে ভুল হয়েছে, তা ঠিক করতে হবে। পরে উপজেলা যুবদলের সভাপতি আবদুল মতিন আবেদনটি নিয়ে আবার থানায় যান। তখন অনুমতিপত্রটি পুলিশ রেখে দেয়। তাঁকে (মতিন) বলা হয়, মৌখিক অনুমতি দেওয়া হলো তবে সভা তাড়াতাড়ি শেষ করতে হবে।
আবদুল হাই বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশ তাঁদের আবার ফোন করে জানায়, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া সভা-সমাবেশ করা যাবে না।
পৌর মিলনায়তনে অনুষ্ঠান করতে না পেরে গতকাল বেলা ১১টায় মওদুদ আহমদ কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামে নিজ বাড়িতে দলের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশে একজন মহানায়ক আছেন। তিনি জেলায় জেলায় গিয়ে গণতন্ত্রের কথা বলেন। অথচ নিজের নির্বাচনী এলাকায় বিএনপিকে কোনো কর্মসূচি পালন করতে দেন না।
অনুষ্ঠানে মওদুদ দাবি করেন, নির্বাচন কমিশন সরকারি দলকে ক্ষমতায় আনার জন্য রোডম্যাপ (পথনকশা) দিয়েছে। তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন তিনি।
এদিকে অনুষ্ঠান করার অনুমতি না দেওয়ার বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজির আলম প্রথম আলোকে বলেন, বিএনপিকে পৌরসভা কর্তৃপক্ষ সভা করার অনুমতি দিয়েছিল। কিন্তু জেলা প্রশাসকের কাছ থেকে লিখিত অনুমতি না নেওয়ায় তাদের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। তাঁর দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সে জন্য পৌর মিলনায়তনে পুলিশ মোতায়েন করা হয়।