নোয়াখালীতে মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস পালিত
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামে গান্ধী আশ্রম ট্রাস্টে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর ৬৭তম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার মধ্য দিয়ে ট্রাস্টের সচিব ঝর্ণাধারা চৌধুরী কর্মসূচির উদ্বোধন করেন।
এরপর ট্রাস্টের সামনে থেকে একটি শান্তি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে ঝর্ণাধারা চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অহিংসা-শান্তি-সম্প্রীতিবিষয়ক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা খাতুন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কুমিল্লা অভয় আশ্রমের ব্যবস্থাপক সাবেক উপসচিব মতিলাল ভদ্র, গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউটের ব্যবস্থাপনা কমিটির সদস্য নূর মোহামঞ্চদ, জয়াগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুব আলম, পিস কো-অর্ডিনেটর অসীম কুমার বক্সী, গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গান্ধী আশ্রম ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা শংকর বিকাশ পাল।