নোয়াখালীতে মাদ্রাসার পাঁচ শ্রেণীর পাঠ্যবই এখনো পৌঁছায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বছরের শুরুতে নতুন পাঠ্যবই হাতে পেলেও মাদ্রাসার পাঁচটি শ্রেণীর শিক্ষার্থীরা এখনো বই পায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হরতাল-অবরোধের কারণে জেলা-উপজেলা পর্যায়ে এখনো বেশ কিছু পাঠ্যবই পৌঁছায়নি। যে কারণে মাদ্রাসার প্রথম, দ্বিতীয়, পঞ্চম এবং ষষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া যায়নি।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলার নয়টি উপজেলায় মাধ্যমিক পর্যায়ে বইয়ের চাহিদা ২৮ লাখ ৭৩ হাজার ৭৫টি। এ পর্যন্ত সরবরাহ করা হয়েছে ২৫ লাখ ৪৭ হাজার ১৫৭টি। এর মধ্যে ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা, অষ্টম শ্রেণীর গার্হস্থ্য অর্থনীতি, শারীরিক শিক্ষা ও চারুকারু বিষয়ের কোনো বই সরবরাহ করা হয়নি। এ ছাড়া নবম শ্রেণীর সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, জীববিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, অর্থনীতি, ফিন্যান্স ও ব্যাংকিং এবং শারীরিক শিক্ষার বই এখনো সরবরাহ করা হয়নি। মাদ্রাসার ইবতেদায়ি শাখার বইয়ের চাহিদা পাঁচ লাখ ৩০ হাজার ৬৪৬টি। সরবরাহ করা হয়েছে দুই লাখ ২১ হাজার ৬৫৬টি।
সূত্র জানায়, ইবতেদায়ি শাখার প্রথম, দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর কোনো পাঠবই এখনো সরবরাহ করা হয়নি। মাদ্রাসার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইয়ের চাহিদা আট লাখ ৩৪ হাজার ৯২টি। সরবরাহ করা হয়েছে চার লাখ ৪৭ হাজার ৩৯৯টি। এর মধ্যে ষষ্ঠ ও নবম শ্রেণীর কোনো বই এখনো এসে পৌঁছায়নি।
সেনবাগ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিরুজ্জামান বলেন, পাঁচটি শ্রেণীর পাঠ্যবই না আসায় তাঁদের শিক্ষার্থী ও অভিভাবকদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, টানা হরতাল-অবরোধের কারণে ঢাকা থেকে কিছু বই এসে পৌঁছায়নি। তবে যেসব বই পৌঁছেছে, সেগুলো বিতরণ চলছে।