নোয়াখালীতে মার্কেটে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ব্যবসায়ীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি মার্কেটে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। হামলার ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। গত শনিবার দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত ব্যবসায়ীরা ওই কর্মসূচি পালন করেন।এর আগে সকাল সাড়ে ১০টার দিকে একদল সন্ত্রাসী জনতা নামের মার্কেটটিতে হামলা চালিয়ে তিনটি দোকান ভাঙচুর, কয়েক লাখ টাকার মালামাল লুট ও কর্মচারীদের মারধর করে।পুলিশ ও ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, মার্কেটের জোনাকী টেলিকম নামের দোকানের কর্মচারী সুলতান আহম্মদ ওরফে টিপুর সঙ্গে লক্ষ্মীনারায়ণপুর এলাকার ইশরাত হোসেনের বিরোধ ছিল। এর জের ধরে ইশরাত তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে শনিবার সকালে টিপুর ওপর হামলা চালান। একপর্যায়ে মার্কেটের কয়েকজন ব্যবসায়ী ইশরাত ও তাঁর সহযোগী শিমুলকে মারধর করেন। পরে ইশরাতের ২০-২৫ জন সহযোগী সংঘবদ্ধ হয়ে মার্কেটে হামলা চালিয়ে দোকানে ভাঙচুর, লুট এবং জগদীশ (২৩) ও মো. ওছমান (২২) নামের দুজন কর্মচারীকে মারধর করেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজন এবং হাসপাতাল থেকে এক নারীসহ দুজনকে আটক করেছে। পরে শহর থেকে আরেকজনকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন: রাশেদা বেগম, রফিকুল ইসলাম, শাহেদুজ্জামান, সুলতান হোসেন, মো. শিমুল ও একরাম হোসেন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক এবং তাঁদের একজনের কাছে থেকে লুট করা মুঠোফোন উদ্ধার করা হয়েছে।