নোয়াখালীতে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম, মাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বসতঘরে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা মো. হাসানকে (৭০) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধার মা তাহেরা খাতুনকেও (৯৮) মারধর করে।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে উপজেলার ছয়ানী ইউনিয়নের তালেবপুর গ্রামে। পরে স্থানীয় লোকজন ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের অন্য মুক্তিযোদ্ধারা আহত অবস্থায় মুক্তিযোদ্ধা হাসান ও তাঁর মাকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বে থাকা জাকির হোসেন।
হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা মো. হাসান জানান, কর্মসূত্রে দীর্ঘদিন তিনি নিজ বাড়ি ছেড়ে ঢাকায় বিভিন্ন সিকিউরিটি কোম্পানিতে চাকরি করেন। পরিবারের জায়গা-সম্পত্তি দেখাশোনা করার মতো কেউ না থাকার সুযোগে একই বাড়ির আবদুল মন্নানের ছেলে মো. সিরাজ অবৈধভাবে তাঁর পুরো সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করিয়ে নেন।
দুই বছর আগে চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসেন তিনি। এরপর স্থানীয় লোকজন নিয়ে সিরাজের কাছে গেলে তিনি সম্পত্তি ফিরিয়ে দেওয়ার বিনিময়ে দুই লাখ টাকা দাবি করেন। দাবি অনুযায়ী সিরাজ ও আবদুর রহিমকে প্রায় ৪০ হাজার টাকাও দেন। কিন্তু সম্পত্তি ফেরত দেওয়ার পরিবর্তে তাঁরা টালবাহানা শুরু করেন।
মুক্তিযোদ্ধা হাসান অভিযোগ করেন, গতকাল সকাল আটটার দিকে তিনি তাঁর বৃদ্ধা মাকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এ সময় বাড়ি থেকে বের হওয়ামাত্র সিরাজ ও আবদুর রহিমসহ ছয়-সাতজন লোক অতর্কিতে তাঁর ওপর হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে আহত করে। একই সময় তাঁর মাকেও পিটিয়ে আহত করা হয়। জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার বিষয়ে থানায় কেউ সন্ধ্যা পর্যন্ত লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।