নোয়াখালীতে মুঠোফোন হারানো নিয়ে কলেজছাত্র খুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামে মুঠোফোন হারানোর ঘটনাকে কেন্দ্র করে মো. আলাউদ্দিন ওরফে বাপ্পি (১৯) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন।আলাউদ্দিন ওই গ্রামের মো. নুরুল্লার ছেলে। তিনি এ বছর স্থানীয় জালাল উদ্দিন কলেজ থেকে এইচএসসি পাস করেছিলেন।খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ গত শুক্রবার রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য গতকাল শনিবার সকালে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল বিকেলে পারিবারিক কবরস্থানে আলাউদ্দিনের লাশ দাফন করা হয়।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে একলাশপুর গ্রামের বাসিন্দা পল্লী বিদ্যুতের কর্মী মাসুদুর রহমান পার্শ্ববর্তী দরবেশপুর গ্রামের জামে মসজিদদের পুকুরে গোসল করতে যান। ফেরার সময় তিনি মুঠোফোনটি ফেলে চলে আসেন। এরপর তিনি এ বিষয়ে তাঁর আত্মীয় দরবেশপুর গ্রামের তাজুল ইসলামকে জানিয়ে সহযোগিতা চান।বেলা সাড়ে তিনটার দিকে তাজুল মুঠোফোন নেওয়ার জন্য তাঁর বাড়ির বাসিন্দা কলেজছাত্র আলাউদ্দিনকে দায়ী করেন। আলাউদ্দিন মুঠোফোন নেওয়ার কথা অস্বীকার করেন। এরপর মাসুদুরের হারিয়ে যাওয়া মুঠোফোনে কল দিলে তা বেজে ওঠে। পরে খোঁজ করে সেটি একলাশপুর গ্রামের মো. বাবু নামের এক কিশোরের কাছে পাওয়া যায়। সে মুঠোফোনটি ঘাটে পড়ে থাকতে দেখে নিয়ে গিয়েছিল বলে জানায়।এ ঘটনার পর আলাউদ্দিন তাঁকে দায়ী করার বিষয়ে তাজুল ইসলামের কাছে কৈফিয়ত চান। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। একপর্যায়ে তাজুল ইসলাম কাঠ দিয়ে আলাউদ্দিনের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সোয়া একটায় কুমিল্লায় তাঁর মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, আলাউদ্দিনের লাশ ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে তাজুল ইসলাম ও মাসুদুর রহমান পলাতক।