নোয়াখালীতে মেলার নামে অশ্লীল নৃত্য
নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে মেলার নামে অশ্লীল নৃত্য, অবৈধ লটারি ও জুয়ার আসর বসানোর অভিযোগ পাওয়া গেছে। এলাকার বাসিন্দারা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে অবিলম্বে মেলা বন্ধের দাবি জানিয়েছেন। জেলা প্রশাসক (ডিসি) মো. সিরাজুল ইসলাম মেলায় কোনো ধরনের অশ্লীলতা, অবৈধ লটারি ও জুয়া চলার অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দেন। গতকাল বুধবার সন্ধ্যায় মুঠোফোনে আলাপকালে জেলা প্রশাসক বলেন, এ রকম কিছু হলে তো স্থানীয় প্রশাসনই মেলা বন্ধ করে দিত। তবে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুবুল আলম বলেন, জেলা প্রশাসক কাকে কীভাবে কত দিন মেলার অনুমতি দিয়েছেন, তা তিনি জানেন না। তাঁকে এ-সংক্রান্ত কোনো চিঠিপত্রও দেওয়া হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, চাপরাশিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ ওরফে হানিফ বিএসসিসহ ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা রামেশ্বরপুর গ্রামের মাঠের মধ্যে ১০ দিনব্যাপী ওই মেলার আয়োজন করেন। এ জন্য ১২ মার্চ থেকে জেলা প্রশাসকের কাছ থেকে মেলার লিখিত অনুমতি নেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মেলার প্রথম দিন থেকেই সেখানে শুরু হয় অবৈধ লটারি খেলা। সেই সঙ্গে পুতুলনাচ ও বিচিত্রা অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এসব অশ্লীলতার পাশাপাশি চলে মাদকদ্রব্যের কেনাবেচাও। এতে এলাকার উঠতি যুবকেরা অশ্লীলতার দিকে ঝুঁকে পড়ছে। আয়োজকেরা ক্ষমতাসীন দলের হওয়ায় স্থানীয় কেউ প্রকাশ্যে এসবের প্রতিবাদ করারও সাহস পান না বলে জানান এলাকাবাসী। মেলা কমিটির সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ এলাকাবাসীর অভিযোগ ভিত্তিহীন বলে প্রথম আলোকে জানান। চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বলেন, তিনি চেয়ারম্যান হলেও জেলা প্রশাসন তাঁর মতামত না নিয়েই মেলার অনুমতি দিয়েছে।