নোয়াখালীতে যুবদল কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগ
নোয়াখালী শহরের মধ্যম করিপুর এলাকায় বিসিক শিল্প নগরের সামনে মো. রায়হান ওরফে রাহান (২৬) নামের যুবদলের এক কর্মীকে গলায় ধারালো অস্ত্র ঢুকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রায়হানকে প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, পরে অবস্থার অবনতি হলে দুপুরে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়। রায়হান শহরের শ্রীপুর এলাকার আবুল খায়েরের ছেলে এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে গতকাল বেলা ১১টার দিকে স্থানীয় যুবলীগ নামধারী একদল কর্মী অতর্কিতে রায়হানের ওপর হামলা চালায়। হামলাকারীরা এ সময় রায়হানের গলার নিচ দিয়ে ধারালো অস্ত্র ঢুকিয়ে গুরুতর আহত করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। রায়হানের চাচাতো ভাই জাহিদুল হক অভিযোগ করেন, মাছ ধরা নিয়ে বিরোধের জেরে একই এলাকার মো. মিজান ওরফে কালা মিজানসহ চার-পাঁচ যুবক এ ঘটনা ঘটায় এবং রায়হানকে হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়।গতকাল বিকেলে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক এ বিষয়ে উপপরিদর্শক আবদুল বাতেনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এসআই বাতেন বলেন, দুপুরে হরতালের পিকেটিং নিয়ে দুই পক্ষের মধ্যে সামান্য সমস্যা হয়েছে। কিন্তু রায়হানের ওপর হামলার ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশীদ আজাদ স্থানীয় যুবলীগের কর্মীদের হামলায় যুবদল কর্মী রায়হান গুরুতর আহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করলেও ঘটনাটি রাজনৈতিক নয় বলে প্রথম আলোকে জানান।