নোয়াখালীতে যুবদল নেতার বাড়িতে হামলা আহত ৮
নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের দক্ষিণ শুল্লাকিয়া এলাকায় ইউনিয়ন যুবদলের সভাপতির বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।হামলায় যুবদলের সভাপতি আবদুর রহিম (৪০) ও তাঁর পরিবারের এক নারী সদস্যসহ আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন জয়নাল আবদিন (৪৫), আবদুর রহমান (৩২), আবুল খায়ের (৬২), রোজিনা আক্তার (২৫) ও আবদুল কাদের (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত দেড়টার দিকে ১৪-১৫ জনের একদল সন্ত্রাসী অতর্কিতে যুবদল নেতা আবদুর রহিমের বাড়িতে হানা দেয়। সন্ত্রাসীরা এ সময় বসতঘরের দরজা-জানালা কুপিয়ে ও ভাঙচুর করে ভেতরে ঢুকে ঘুমন্ত নারী-পুরুষদের ওপর হামলা চালায়। ঘটনার খবর পেয়েই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে হামলাকারী সন্ত্রাসীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।আবদুর রহিমের ভাই আবদুল আউয়াল অভিযোগ করেন, সন্ত্রাসীদের মধ্যে কয়েকজন ছিল মুখোশ পরা। তারা বাড়িতে এসেই তাঁর ভাইকে খোঁজাখুঁজি করে। একই এলাকার রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে বলে মন্তব্য করেন।জানতে চাইলে হামলা-ভাঙচুরের ঘটনা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক। তিনি প্রথম আলোকে বলেন, রাজনৈতিক বিরোধের জের ধরে প্রতিপক্ষরা ওই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।