নোয়াখালীতে যুবলীগ নেতার রগ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে আক্তার হোসেন (২৫) নামের যুবলীগের এক নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার রাত ১০টার দিকে উপজেলার উত্তর কাদরা গ্রামে সেনবাগ-সোনাইমুড়ী সড়কে এ ঘটনা ঘটে।
আক্তার উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তাঁর বাড়ি বাবুপুর-শ্রীপুর গ্রামে।
আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, রাত ১০টার দিকে তিনি সিএনজিচালিত অটোরিকশাযোগে সেনবাগ থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে কাদরা এলাকার দানু মিয়ার বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জন যুবক কিরিচ ও চাপাতি নিয়ে অটোরিকশার গতিরোধ করে। এরপর যুবকেরা তাঁকে অটোরিকশা থেকে টেনেহিঁছড়ে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
স্থানীয় লোকজন জানান, রাতেই গুরুতর আহত অবস্থায় আক্তারকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আক্তারের দুই সঙ্গীকে কুপিয়ে আহত করা হয়েছে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আক্তার হোসেন বলেন, ‘হামলাকারী যুবকেরা মুখোশ পরা থাকায় আমি কাউকে চিনতে পারিনি। তারা জামায়াত-শিবিরের কর্মী বলে আমার সন্দেহ।’
উপজেলা যুবলীগের আহ্বায়ক জাকারিয়া আল মামুন ঘটনার জন্য জামায়াত-শিবিরের কর্মীদের দায়ী করেছেন।