নোয়াখালীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বেবি আক্তার (২২) নামের এক গৃহবধূকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বেবি ওই গ্রামের শারীরিক প্রতিবন্ধী মো. বাবুল মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
গত রোববার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২০১১ সালে ওই ইউনিয়নের কালারাইতা গ্রামের বেবি আক্তারের সঙ্গে মো. বাবলু মিয়ার বিয়ে হয়।
স্থানীয় সূত্রের ভাষ্য মতে, বিয়ের পর থেকে যৌতুকের টাকা নিয়ে প্রায়ই তাঁদের সংসারে ঝগড়া-বিবাদ হতো। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিস বৈঠকও হয়। কিন্তু পারিবারিক অশান্তি কাটেনি।
বেবি আক্তারের ভাই খোরশেদ আলীর অভিযোগ, ভগ্নিপতি বাবুল মিয়া কয়েক মাস আগে তাঁর বোনকে বাপের বাড়ি থেকে প্রথমে দেড় লাখ, পরে ৫০ হাজার টাকা যৌতুক এনে দিতে বলেন। কিন্তু তাঁদের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তিনি (বেবি) যৌতুকের টাকা দিতে অস্বীকার করেন। এ নিয়ে গত রোববার সকালে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এরপর বেবি আক্তার ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল খায়েরকে জানাতে তাঁর বাড়িতে যান। সেখান থেকে আসার পর বেলা দুইটার দিকে স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা পিটিয়ে তাঁর বোনকে হত্যা করেন এবং সে বিষপান করে আত্মহত্যা করেছে বলে প্রচার করেন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।
সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. নোমান প্রথম আলোকে বলেন, ‘লাশের মাথায় ও চোখের ওপর আঘাতের দাগ দেখা গেছে। তাই নির্যাতনে বেবির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের ভাই খোরশেদ আলী গৃহবধূর স্বামী, শাশুড়ি, জা ও চাচা শ্বশুরসহ সাতজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। তিনি জানান, আসামিরা সবাই পলাতক।