নোয়াখালীতে রাস্তার গাছ কেটে সাবাড় করছেন যুবলীগ নেতা
নোয়াখালীর সুবর্ণচরে আবুল কালাম ওরফে জাহাঙ্গীর নামে এক যুবলীগের নেতা সরকারি রাস্তার গাছ কেটে সাবাড় করে ফেলছেন। গত এক সপ্তাহে তিনি ১৫-১৬টি মূল্যবান গাছ কেটে নিয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে। যুবলীগের নেতা জাহাঙ্গীরের দাবি, উপজেলা চেয়ারম্যান তাঁকে গাছগুলো কাটতে বলেছেন। আর উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য তিনি রাস্তার কয়েকটি গাছ কাটতে বলেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুবর্ণচর উপজেলার আনছার মিয়ারহাট-ছমিরহাটসহ ১৩টি রাস্তায় অংশীদারির ভিত্তিতে সামাজিক বনায়ন করার জন্য ২০০৬ সালে উপজেলা পরিষদ ও চরভাটা ইউনিয়ন পরিষদের সঙ্গে চুক্তি হয় স্থানীয় জমিদারবাড়ি নার্সারির। চুক্তি অনুসারে বাগানের ৫৫ শতাংশের মালিক ওই নার্সারি। বাকি অংশের মালিক ভূমি মালিক সংস্থা, বন অধিদপ্তর, সৈকত কলেজ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ। ইতিপূর্বে ওসব রাস্তায় বেসরকারি সংস্থা এনরাশ-এর লাগানো সব গাছ নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু ক্ষমতাসীন দলের কতিপয় নেতা-কর্মী প্রকাশ্যে সামাজিক বনায়নের এসব গাছ কেটে নিচ্ছে। গত সপ্তাহে আনছার মিয়ারহাট-ছমিরহাট রাস্তার ১৫-১৬টি গাছ কেটে নিয়ে যান উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর। বন বিভাগ এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।বাগানের উপকারভোগী হাজীপুর গ্রামের লিয়াকত আলী জানান, জাহাঙ্গীর ও উপজেলা চেয়ারম্যানের নাতি বলে পরিচিত আজিজসহ স্থানীয় কতিপয় ব্যক্তি বাগানের গাছ কেটে নিয়ে যাচ্ছে। এ সময় তিনিসহ অন্য উপকারভোগীরা জিজ্ঞেস করলে তাঁরা উপজেলা চেয়ারম্যানের অনুমতি নিয়েছেন বলে জানান। গাছ কাটার শ্রমিক নূর মাওলা জানান, জাহাঙ্গীর জনপ্রতি দৈনিক ২০০ টাকায় তাঁদের নিয়োগ করেছেন।জমিদারবাড়ি নার্সারির মালিক মো. খায়রুল হাসান জানান, চুক্তি অনুযায়ী কেউ বাগানের ক্ষতি করলে তাঁর এবং বন অধিদপ্তরের যথাশিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা। কিন্তু গত এক বছরে তাঁর কয়েক শ গাছ জাহাঙ্গীরসহ স্থানীয় কতিপয় দুষ্কৃতকারী কেটে নিলেও বন বিভাগের কাছ থেকে তিনি কোনো সহায়তা পাননি।নোয়াখালীর সহকারী বন সংরক্ষক রুহুল আমিন বলেন, বাগান থেকে গাছ কেটে নেওয়ার ঘটনা সত্য। কিন্তু ওই বাগানটি ব্যক্তি উদ্যোগে করা সামাজিক বনায়ন। এর সঙ্গে সরাসরি বন বিভাগের কোনো সম্পর্ক নেই। বাগানের উপকারভোগী পক্ষই আইনের আশ্রয় নিতে পারে।জাহাঙ্গীর গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ‘আমাকে উপজেলা চেয়ারম্যান বলেছেন গাছ কাটার জন্য। তিনি বিভিন্ন স্কুল-মাদ্রাসায় এসব গাছ দিয়ে থাকেন।’উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম বলেন, যেসব গাছ কাটা হয়েছে সেগুলো ওই নার্সারি কিংবা সামাজিক বনায়নের গাছ নয়। এসব গাছ এনরাশ নামের একটি এনজিও লাগিয়েছে। এগুলো বর্তমানে ইউনিয়ন ও উপজেলা পরিষদের। তিনি স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানের ঘর তৈরির জন্য চার-পাঁচটি পুরোনো গাছ কেটে নেওয়ার জন্য বলেছিলেন।