নোয়াখালীতে রূপালী ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপালী ব্যাংক লিমিটেডের নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজার শাখার সাবেক ব্যবস্থাপক বেলায়েত হোসেনের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে গত বুধবার রাতে সোনাইমুড়ী থানায় মামলা হয়েছে।
ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ কামাল উদ্দিন আহমেদ এ মামলা করেন। মামলায় বেলায়েত হোসেনকে একমাত্র আসামি করা হয়। তাঁর বিরুদ্ধে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
বেলায়েত হোসেনের বাড়ি একই উপজেলার জয়াগ ইউনিয়নে।
গতকাল বৃহস্পতিবার প্রবাসী দ্বীন ইসলামের স্ত্রী মোহছেনা বেগম অভিযোগ করেন নকল চেকবইয়ের মাধ্যমে তাঁর স্বামীর হিসাব থেকে গত বছরের ২২ সেপ্টেম্বর দুই লাখ টাকা তোলা হয়েছে।
ব্যাংক সূত্র জানায়, এরই মধ্যে ১৬ জন গ্রাহক লিখিত অভিযোগ করেছেন তাঁদের প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এখনো নতুন নতুন অভিযোগ আসছে। সাত সদস্যের তদন্ত কমিটি গ্রাহকদের অভিযোগ যাচাই-বাছাই করে দেখছে।
উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়ার বাসিন্দা সৌদিপ্রবাসী কামাল হোসেনের অভিযোগ, ২০১৩ সালের জুন মাসে তিনি বিদেশে থাকা অবস্থায় তাঁর হিসাব থেকে ভুয়া চেকের মাধ্যমে একসঙ্গে ১০ লাখ টাকা এবং গত বছর তিন দফায় ছয় লাখ টাকা উত্তোলন করা হয়েছে। গত জানুয়ারি মাসে তিনি দেশে ফেরার পর ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে হিসাবে গরমিল দেখতে পান।
রূপালী ব্যাংকের নোয়াখালী আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহেদুর রহমান প্রথম আলোকে বলেন, হিসাবে গরমিলের অভিযোগ ওঠার পরই গত ২৫ এপ্রিল অভিযুক্ত বেলায়েত হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। ইতিমধ্যে প্রায় এক কোটি টাকার গরমিল ধরা পড়েছে।
রূপালী ব্যাংক সূত্র জানায়, গত ২৪ এপ্রিল বেলায়েত হোসেনকে নোয়াখালী আঞ্চলিক শাখায় বদলি করা হয়। ওই দিনই নতুন ব্যবস্থাপক হিসেবে যোগ দেন মোশারফ হোসেন। নিয়ম অনুযায়ী, তিনি গ্রাহকদের হিসাবের স্থিতির বিষয়টি নিশ্চিত হতে গেলে কয়েকটি হিসাবে গরমিল ধরা পড়ে।
সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।