নোয়াখালীতে র‌্যাবের ডিএডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১-এর ডিএডি ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।গত ১ মার্চ নোয়াখালীর সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের মুটবী এলাকায় র‌্যাবের গুলিতে ইলেকট্রনিকস মিস্ত্রী কোরবান আলী (১৭) নিহত হওয়ার ঘটনায় তার বাবা লোকমান হোসেন বাদী হয়ে গতকাল রোববার নোয়াখালীর ৩ নম্বর আমলি আদালতে এ মামলা করেন। আদালতের বিচারিক হাকিম রায়হানুল ইসলাম বাদীর আরজি আমলে নিয়ে অভিযোগটি তদন্ত করে আগামী ১৫ মে মামলার পরবর্তী ধার্য তারিখে প্রতিবেদন দাখিলের জন্য সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। তবে ওসি মো. হুমায়ুন কবির সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তিনি লোকমুখে মামলা দায়েরের কথা শুনেছেন, আদালত থেকে থানায় এ-সংক্রান্ত কোনো কাগজপত্র আসেনি।মামলায় র‌্যাবের ডিএডি মো. জসিম উদ্দিনকে প্রধান এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. নওশের আলীকে ১০ নম্বর আসামি করা হয়। এ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন র‌্যাবের কর্পোরাল মো. আনছার উদ্দিন, এএসআই চন্দন কুমার চৌধুরী, মোস্তফা কামাল ও কামাল হোসেন, হাবিলদার নূর মোহামঞ্চদ সরকার, নায়েক আনছার উদ্দিন, পিসি মহসিন আলী ও কর্পোরাল বেলাল হোসেন। মামলার আরজিতে বাদী অভিযোগ করেন, গত ১ মার্চ বেলা আনুমানিক পৌনে দুইটার দিকে তিনি এবং তাঁর ছেলে কোরবান আলী স্থানীয় মসজিদ থেকে জুমার নামাজ শেষে বের হওয়া মাত্র র‌্যাবের একটি গাড়ি দক্ষিণ দিক থেকে এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় একটি গুলি তাঁর ছেলের মাথার বাঁ পাশে লাগলে সে রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তিনি এবং উপস্থিত অন্য লোকজন কোরবান আলীকে উদ্ধার করতে এগিয়ে গেলে র‌্যাবের সদস্যরা পুনরায় গুলি ছুড়লে তাঁরা সেখান থেকে সরে গিয়ে প্রাণে বাঁচেন। এরই মধ্যে র‌্যাবের সদস্যরা এসে কোরবান আলীকে তাঁদের গাড়িতে তুলে নিয়ে যান। পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদীর অভিযোগ, র‌্যাবের সদস্যরা সম্পূর্ণ বিনা অপরাধে তাঁর ছেলে কোরবান আলীকে গুলি করে হত্যা করেছেন। তাই তিনি এ হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।