নোয়াখালীতে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহাদাত হোসেন (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম উড়িরচরে এ ঘটনা ঘটে। র‌্যাব দাবি করেছে, শাহাদাত জলদস্যু জাসু বাহিনীর প্রধান ‘জাসু ডাকাত’।
র‌্যাবের ভাষ্য অনুযায়ী, উড়িরচরে সন্ত্রাসী ও জলদস্যুদের ধরতে দুই দিন আগে র‌্যাবের অভিযান শুরু হয়। অভিযানের একপর্যায়ে গতকাল সকাল ১০টার দিকে জাসু বাহিনীর সদস্যরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাব পাল্টা গুলি চালায়। শুরু হয় দুই পক্ষের বন্দুকযুদ্ধ।
র‌্যাব-১১-এর মেজর মো. শাহেদ হোসেনের দাবি, বন্দুকযুদ্ধ শেষে চরের জঙ্গলে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। পরে মৃতদেহটি জাসু ডাকাতের বলে শনাক্ত করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় চারটি গুলিসহ একটি বিদেশি বন্দুক, একটি রিভলবার ও একটি দেশীয় বন্দুক।
পুলিশ জানায়, শাহাদাত উপজেলার চর এলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিরাজ মাঝির ছেলে। শাহাদাতের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় হত্যা, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন অপরাধে সাতটি এবং কোম্পানীগঞ্জ থানায় ডাকাতি ও চাঁদাবাজির চারটি মামলা রয়েছে।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এ পর্যন্ত পুলিশ ও র‌্যাব সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এ নিয়ে প্রায় অর্ধশত নিহত হলেন।