নোয়াখালীতে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের পশ্চিম উড়ির চরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে শাহদাত হোসেন ওরফে জাসু (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, শাহদাত জলদস্যু জাসু বাহিনীর প্রধান।

জানতে চাইলে বন্দুকযুদ্ধে শাহদাত হোসেন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১-এর মেজর মো. শাহেদ হোসেন রাজিব। প্রথম আলোকে তিনি বলেন, সকাল ১০টার দিকে বন্দুকযুদ্ধ শুরু হয়। সাড়ে ১০টার দিকে চরের জঙ্গলের ভেতর একটি মৃতদেহ পাওয়া যায়। পরে সেটি জাসু বাহিনীর প্রধান জাসুর বলে শনাক্ত করা হয়। তিনি আরও বলেন, র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব সূত্র আরও জানায়, গত দুই দিনে উড়ির চরে র‌্যাবের অভিযান চলছে। গতকাল বুধবার বিকেলে র‌্যাব চারদিক থেকে চরটি ঘিরে ফেলে এবং জলদস্যু জাসু বাহিনীকে তাদের আয়ত্তের মধ্যে নিয়ে আসে। আজ সকাল ১০টার দিকে র‌্যাব সদস্যদের সঙ্গে জাসু বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয়। যুদ্ধের একপর‌্যায়ে জাসুর মৃতদেহ পাওয়া যায়।

অন্যদিকে, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, এখনো থানায় লাশ হস্তান্তর করা হয়নি। নিহত জাসুর বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের ছয়-সাতটি মামলা রয়েছে।