নোয়াখালীতে র্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩
নোয়াখালীতে র্যাবের পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুটি অভিযানে অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে এবং গতকাল শনিবার সকালে এ অভিযান চালানো হয়। র্যাবের লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।
র্যাব সূত্র জানায়, গতকাল ভোরে সোনাইমুড়ী উপজেলার সোনাপুর গ্রামে অভিযান চালিয়ে ফিরোজ আলম ওরফে সুমন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। শুক্রবার দিবাগত রাত চারটার দিকে সদর উপজেলার গোপাইশংকরপুর গ্রামে অভিযান চালিয়ে মো. মাঈন উদ্দিন ওরফে সাজু (২৯) নামের এক যুবককে পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। এর আগে রাত সোয়া ১২টার দিকে সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামের বাড়ি থেকে হত্যা মামলার পলাতক আসামি আলমগীর হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী একটি পাইপগান ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ত্র উদ্ধারের ঘটনায় আলমগীর হোসেন ও মাঈন উদ্দিনের বিরুদ্ধে সোনাইমুড়ী ও সুধারাম থানা অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। তিনজনকেই সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।