নোয়াখালীতে শিক্ষক ফারজানা ‘হত্যা’র প্রতিবাদে মানববন্ধন
নোয়াখালীর বেগমগঞ্জের আলীপুরে শিক্ষক ফারজানা নূর ওরফে সুখী (২৬) ‘হত্যা’র প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। অভিযুক্ত হত্যাকারীদের গ্রেপ্তার ও তাঁদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে ফারজানা নূর মারা গেছেন বলে অভিযোগ রয়েছে।গতকাল বুধবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে এলাকাবাসী জেলা প্রশাসকের কার্যালয়ে যায় এবং তাঁর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সঞ্চারকলিপি দেয়।আলীপুর এলাকার বাসিন্দা এ বি এম আহছান উল্লা খানের ছেলে বায়েজিদ বোস্তামীর সঙ্গে গত বছরের ২৪ জুন নোয়াখালী শহরের কলেজপাড়ার বাসিন্দা সাব্বির আহমদের মেয়ে ফারজানার বিয়ে হয়। তাঁদের দুজনের পূর্বপরিচয় ছিল। সেই সূত্র ধরে পারিবারিকভাবে বিয়ে হয়। ফারজানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে কয়েক মাস আগে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। তাঁর স্বামী বায়েজিদ বোস্তামী বরিশালের সরকারি হাতেম আলী কলেজের প্রভাষক।ফারজানার পরিবারের অভিযোগ, পারিবারিকভাবে বিয়ে হলেও ছেলের পরিবারের সদস্যরা প্রায়ই ফারজানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। বায়েজিদও ফারজানাকে নির্যাতন করতেন। ১৪ এপ্রিল নোয়াখালী শহরের মডার্ন হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তান জন্ম দেন ফারজানা। নিয়মানুযায়ী প্রসূতিকে পাঁচ-সাত দিন হাসপাতালে রাখার কথা। কিন্তু শ্বশুর আহছান উল্লা খান (বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) নিজেই চিকিৎসা করবেন বলে তিন দিনের মাথায় ছেলের বউকে বাসায় নিয়ে যান। সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনে ২২ এপ্রিল সন্ধ্যায় ফারজানা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাত আটটার দিকে মডার্ন হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ফারজানার বাবা সাব্বির আহমেদ বাদী হয়ে শাশুড়ি মাইনুর বেগম, শ্বশুর এ বি এম আহছান উল্লা খান, বায়েজিদ বোস্তামী ও ননদ বদরুন নাহার আহছানকে আসামি করে মামলা করেন। ফারজানার কন্যাসন্তান এখন তাঁর পরিবারের তত্ত্বাবধানে আছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।এদিকে, ময়নাতদন্তে গঠিত মেডিকেল বোর্ড আঘাতজনিত কারণেই ফারজানার মৃত্যু হয়েছে বলে মত দিয়েছে। নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কামরুজ্জামান আজাদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের দেওয়া ওই প্রতিবেদন গত মঙ্গলবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পুলিশ সুপারের কাছে পাঠানো হয়।ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার কথা নিশ্চিত করে পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমরা তদন্ত শেষ করে শিগগির আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়ে দেব।’ফারজানার বড় ভাই রেদোয়ান আহমেদ বলেন, ‘বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিসহ কারণে-অকারণে আমার বোনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। শেষ পর্যন্ত তাঁদের নির্যাতনে ফারজানার মৃত্যুর বিষয়টি ময়নাতদন্ত প্রতিবেদনেও ফুটে উঠেছে। আমরা বোনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’রেদোয়ান আহমেদ অভিযোগ করেন, ‘দুই দিন ধরে একাধিক মুঠোফোন থেকে ফোন করে ফারজানার শ্বশুরপক্ষের সঙ্গে বিষয়টি মিটমাটের জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে। বিষয়টি তিনি তদন্তকারী কর্মকর্তাকে জানিয়েছেন।’মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীনুজ্জামান বলেন, মামলায় অভিযুক্ত চার আসামির মধ্যে শাশুড়ি মাইনুর বেগমগকে (৫০) গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই দিনই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বাকি তিন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।মৌলভীবাজারেও মানববন্ধন: এদিকে, মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও গতকাল ফারজানা নূরের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছেন। ফারজানা ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। মানববন্ধনের সঙ্গে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও আওয়ামী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা শাখা সংহতি প্রকাশ করেছে।