নোয়াখালীতে শিক্ষকদের বিক্ষোভ
১৭ দফা দাবিতে গতকাল বুধবার নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সদস্যরা।সূত্র জানায়, গতকাল সকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকারা শহরের হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয়ে জড়ো হতে থাকেন। বেলা ১২টার দিকে বৃষ্টির মধ্যে শিক্ষকেরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম। এদিকে ক্লাস বর্জন কর্মসূচির কারণে গতকাল পঞ্চম দিনের মতো জেলার ৩১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শ্রেণীকক্ষে তালা ঝুলছে। এর মধ্যে ৩৫টি কলেজ এবং বাকিগুলো মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়। জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাখন লাল দাস প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।