নোয়াখালীতে শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
নোয়াখালী সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বেত্রাঘাত করে আহত করার অভিযোগে মজিবুর রহমান নামের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সুধারাম থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মজিবুর রহমান এজবালীয়া ইউনিয়নের চরকরমুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শাকিল হোসেন ও সুনিয়া আক্তার বৃহস্পতিবার বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। শনিবার স্কুলে এলে শিক্ষক মজিবুর রহমান তাদের বৃহস্পতিবার স্কুলে না আসার কারণ জিজ্ঞেস করেন। জবাব মনঃপূত না হওয়ায় তিনি হাতে থাকা বেত দিয়ে তাদের আঘাত করেন।স্কুল ছুটির পর শাকিল ও সুনিয়া বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করে। পরে উভয়ের মা-বাবা বিষয়টি জানতে পারেন। আঘাত বেশি হওয়ায় শাকিলকে তাৎক্ষণিকভাবে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এ বিষয়ে শাকিলের মামা আবুল কালাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। পরে ইউএনও অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। ওই দিন সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর থেকে মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।