নোয়াখালীতে শিবির ক্যাডারের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অলি আহম্মদ (২৮) নামে এক শিবির ক্যাডারের বাড়ি থেকে একটি বিদেশি রিভলবার ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত সোমবার বিকেলে পুলিশ উপজেলার চরপার্বতী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের অলি আহম্মদের ঘরের মাটি খুঁড়ে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, অলি আহম্মদের বাড়ির বসতঘরের তালা ভেঙে মেঝের মাটি খুঁড়ে পলিথিন ও কাপড়ে মোড়ানো অবস্থায় রিভলবার এবং গুলিগুলো উদ্ধার করা হয়েছে। থানার উপপরিদর্শক আনছারুল করিম জানান, অলি স্থানীয়ভাবে শিবিরের ক্যাডার হিসেবে পরিচিত এবং গত প্রায় আড়াই বছর ধরে কুয়েতে অবস্থান করছেন। কোম্পানীগঞ্জ (বসুরহাট) পৌর জামায়াতের সভাপতি মোশাররফ হোসেন দাবি করেন, অলি আহম্মদ দেশে থাকা অবস্থায় শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি সন্ত্রাসী কিংবা ক্যাডার নন। স্ত্রীর সঙ্গে কলহের কারণে স্ত্রীর পক্ষের কেউ অস্ত্র রেখে অলি আহম্মদকে ফাঁসানোর ওই পরিকল্পনা করেছে।