নোয়াখালীতে শিবির-ছাত্রদলের সাত কর্মী আটক
নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নোয়াখালী শহরের দত্তেরহাট এলাকা থেকে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের সাতজন কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া কর্মীরা হলেন শিবির-কর্মী নুর মোহাম্মদ, নজরুল ইসলাম, ইমাম হোসেন, মো. সোহাগ, ইমতিয়াজ আহম্মেদ ওরফে বুলবুল, কাউছার হামিদ ও ছাত্রদলের ফিরোজ আলম।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দত্তেরহাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান দোলা প্রথম আলোকে জানান, আটক সাতজনের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের সুধারাম (সদর) থানায় রাখা হয়েছে।
আশরাফুজ্জামান জানান, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দত্তেরহাট এলাকায় শিবির ও ছাত্রদলের কর্মীরা বেশি তত্পর থাকেন। তাই রাজনৈতিক কর্মসূচি সামনে রেখে নতুন করে যেন কোনো নাশকতা করতে না পারেন, এ কারণে এই আটক অভিযান পরিচালনা করা হয়েছে।