নোয়াখালীতে শিবিরের মেসে অভিযান, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের দত্তেরহাটের ছাগলমারা পোল নামক স্থানে শিবিরের একটি মেসে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়।
পুলিশ বলছে, মেসে তল্লাশি চালিয়ে একটি পাইপগান, দুটি গুলি, একটি চায়নিজ কুড়াল, দুটি চাপাতি, বেশ কয়েকটি লোহার রড ও পাইপ, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র, শতাধিক গজারি গাছের লাঠিসহ দলীয় গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মাহমুদুল হাসান ওরফে মিলাদ (২২)। তিনি ছাত্রশিবিরের নোয়াখালী মেডিকেল কলেজ শাখার সেক্রেটারি। আটক অপর ব্যক্তি হলেন শিবিরের কর্মী আমজাদ হোসেন (২৬)। অভিযানে নেতৃত্বদানকারী অতিরিক্ত জেলা পুলিশ সুপার আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, শিবিরের পরিচালিত মেসে গোপন বৈঠক হবে—এ তথ্যের ভিত্তিতে বিকেল চারটার দিকে তাঁর নেতৃত্বে প্রায় ১০০ পুলিশ অভিযান চালায়। কিন্তু গোপন বৈঠকে অংশগ্রহণকারী জামায়াত-শিবিরের ৫০-৬০ জন কর্মী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এ সময় পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে।
ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি নেয়ামতউল্লা শাকের বলেন, ‘গতকাল ছাগলমারা পোলের ওই মেসে তাঁদের কোনো বৈঠক ছিল না। পুলিশ সেখানে আকসিঞ্চক অভিযান চালিয়ে কিছু সাংগঠনিক বইপত্র ও পোস্টার উদ্ধার করে এবং ফেরার পথে বিশ্বনাথ এলাকায় রিকশা করে যাওয়ার সময় শিবিরের দুই সমর্থককে আটক করে।’
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, ছাত্রশিবিরের কর্মীরা ওই মেসসহ শহরের বিভিন্ন মেস থেকে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। গতকালও ওই মেসে বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন তাঁরা। অভিযানে নাশকতার অন্যতম পরিকল্পনাকারী দুজন ধরা পড়েন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।