নোয়াখালীতে শিবিরের ৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
নোয়াখালী সরকারি কলেজে ছাত্রফ্রন্টের মিছিলে হামলার ঘটনায় ছাত্রশিবিরের ৩২ নেতা-কর্মী ও সমর্থকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ছাত্রফ্রন্টের কলেজ কমিটির সভাপতি মনির উদ্দিন বাদী হয়ে গতকাল মঙ্গলবার বিকেলে সুধারাম থানায় ওই অভিযোগ করেন।অভিযোগে ছাত্রশিবিরের কলেজ সভাপতি মিনহাজুল আনোয়ার ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ সাতজনের নাম উল্লেখ করা হয় এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাত হিসেবে দেখানো হয়।অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুর রহমান। তিনি গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ছাত্রফ্রন্টের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, গত সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে শিক্ষা দিবসের মিছিল করার সময় ছাত্রশিবিরের কর্মীরা কটূক্তি করে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শিবিরকর্মীরা ছাত্রফ্রন্টের মিছিলে হামলা চালায়। তবে, শিবিরের কলেজ সভাপতি মিনহাজ আনোয়ার কটূক্তি ও হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রফ্রন্টের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন।