নোয়াখালীতে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ
নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের পূর্বরাজুরগাঁও গ্রামের অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার এ ঘটনা ঘটে। এ সময় দখলে বাঁধা দিলে জমির মালিক নিমাই দেবনাথকে (৭৫) মারধর করা হয়েছে।
নিমাই দেবনাথ অভিযোগ করেন, ১৯৯৩ সালের দিকে সাম্প্রদায়িক সহিংসতার সময় তাঁদের বাড়ির হরি দেবনাথের কাছ থেকে কিছু জমি কেনেন একই এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজিজ উল্যা। বছর খানেক পরই তিনি ওই জায়গায় ঘর করে বসবাস শুরু করেন। এরপর থেকে আজিজ উল্যা নানাভাবে বাড়ির অপর বাসিন্দা মনোরঞ্জন দেবনাথ ও প্রিয়নাথের পৈতৃক সম্পত্তি দখল করে উচ্ছেদের উদ্দেশে নানাভাবে নির্যাতন, অত্যাচারের পাশাপাশি মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে মামলা-মকদ্দমা দিয়ে হয়রানি শুরু করেন। যার অংশ হিসেবে তাঁর (নিমাই দেবনাথ) বসতঘরসংলগ্ন নয় শতাংশ আবাদি জমি নিজের বলে দাবি করেন। এ নিয়ে আদালতে দায়ের করা মামলার রায় তাঁর পক্ষে যায়। কিন্তু আজিজ উল্যা রায় উপেক্ষা করে গতকাল বেলা ১১টার দিকে ৩০-৩৫ জনের একদল লোক নিয়ে ওই জমি দখল করতে যান।
নিমাই দেবনাথ অভিযোগ করেন, এ সময় তিনি বাধা দিলে সন্ত্রাসীরা তাঁকে মারধর এবং জমির পানির মধ্যে ডুবিয়ে হত্যার চেষ্টা করে। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ওই স্থান ত্যাগ করে। এরপর তিনি বিষয়টি কবিরহাট থানায় অবহিত করেন।
তবে সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের চেষ্টা ও জমি দখল করতে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আজিজ উল্যা।
গতকাল সন্ধ্যায় মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ওই জমিটি তাঁর দলিলমূলে কেনা। তিনি এক ব্যক্তিকে মাছ চাষ করতে ইজারা দিয়েছেন। বরং নিমাই দেবনাথই জমিটি তাঁর বলে মিথ্যা দাবি করছেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, পূর্বরাজুরগাঁও গ্রামের সংখ্যালঘুর পরিবারের সঙ্গে একই বাড়ির মুসলমান একটি পরিবারের বিরোধ ও মামলা-মকদ্দমা দীর্ঘদিনের। গতকাল নিমাই দেবনাথকে মারধরের কথা তাঁরা জানিয়ে গেছেন। তবে লিখিত অভিযোগ দেননি।