নোয়াখালীতে সংঘর্ষ, গাড়িতে আগুন, আটক ১২

নোয়াখালী শহরে আজ রোববার সকালে পুলিশের সঙ্গে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।এ সময় বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন ১৮-দলীয় জোটের কর্মীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে পুলিশ।এতে গুলিবিদ্ধসহ ২০ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে।ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে পৌর সদরের রশিদ কলোনি এলাকা থেকে বিএনপি নেতা মাহবুব আলমগীরের নেতৃত্বে ১৮-দলীয় জোটের কর্মীদের একটি পতাকা মিছিল বের হয়।মিছিলটি পৌর বাজারের কাছে বক্সিমিজি পোলের কাছে পৌঁছলে পুলিশ বাধা দেয়।এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।এ সময় ১৮-দলীয় জোটের কর্মীরা একটি বাস, একটি পিকআপভ্যান ও একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেন।এ ছাড়া ফায়ার সার্ভিসের একটি গাড়িসহ কমপক্ষে ছয় থেকে সাতটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।এ সময় জোটের কর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর দাবি করেছেন, সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।এঁদের মধ্যে কমপক্ষে ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ৭০টি, পিস্তলের তিনটি ও চাইনিজ রাইফেলের ২০টি গুলি এবং পাঁচটি কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে।এ ছাড়া ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে।তবে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।
এ ঘটনার পর শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।সীমিত সংখ্যক যানবাহন চলাচল করছে।এতে যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন।