নোয়াখালীতে সংঘর্ষে শতাধিক আহত
১৮-দলীয় জোটের অবরোধের দ্বিতীয় দিনে গতকাল বুধবার নোয়াখালী জেলা শহর মাইজদীতে পুলিশের সঙ্গে অবরোধ-সমর্থকদেরসংঘর্ষ হয়েছে। এ ছাড়া বেগমগঞ্জের চৌমুহনীতে অবরোধ-সমর্থকদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ হয়েছে।
এসব ঘটনায় পথচারীসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বেশির ভাগই গুলিবিদ্ধ।
বেলা পৌনে ১২টার দিকে শহরের পৌর বাজারে পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মশিউর রহমান ও সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিষ্কৃতি চাকমাসহ পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে ককটেলটি বিস্ফোরিত হয়নি।
সকাল ১০টা থেকে শহরের পৌর বাজার, রশিদ কলোনি এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে শর্টগান ও রাইফেল থেকে শতাধিক গুলি করে। এ সময় বিএনপি ও জামায়াতের কমপক্ষে ৪০ জন আহত হন। তাঁদের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন।
এদিকে বেগমগঞ্জের চৌমুহনীতে বেলা সাড়ে ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত অবরোধকারীদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন শতাধিক বেশি গুলি ছোড়ে। এসব ঘটনায় গুলি ও ইটের আঘাতে কমপক্ষে ৭০ জন আহত হয়।
পুলিশ জানায়, শহরে শতাধিক এবং বেগমগঞ্জে প্রায় তিন শতাধিক গুলি নিক্ষেপ এবং সাতজনকে আটক করা হয়েছে।