নোয়াখালীতে সন্ত্রাসী রাহাত গ্রেপ্তার
নোয়াখালী জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী খালেদ সাইফুল্লা ওরফে রাহাতকে (২৬) গ্রেপ্তার করেছে সুধারাম থানার পুলিশ। গত শনিবার রাত ১০টার দিকে শহরের শহীদ ভুলু স্টেডিয়াম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।রাহাত জেলা শহর মাইজদীর খন্দকারপাড়ার আজিজুল হকের ছেলে। পুলিশ জানায়, রাহাতের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে। গতকাল রোববার দুপুরে তাঁকে চাঁদাবাজি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় সর্বশেষ দায়ের করা তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।জানতে চাইলে রাহাতকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুর রহমান। গতকাল দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠেয় শিল্প ও বাণিজ্য মেলায় চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে রাহাতের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। যার ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১০টার দিকে তিনি নিজেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।ওসি জাহিদুর রহমান আরও বলেন, রাহাত জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। শনিবার রাতে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে স্টেডিয়ামের ভেতরে তাঁর লুকিয়ে রাখা কার্তুজসহ একটি দেশে তৈরি এলজি উদ্ধার করা হয়।