নোয়াখালী জেলা শহরে যৌতুক না পেয়ে গৃহবধূ শাহানা বেগমকে (২৪) হত্যা করা হয়েছে বলে অভিযোগ এনে শাহানার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের শাস্তি দাবি করেছে এলাকাবাসী। তারা গতকাল রোববার শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়।শাহানার আত্মীয়স্বজন ও এলাকার কয়েক শ নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেয়।গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, আড়াই বছর আগে শহরের দত্তেরহাট এলাকার গোপাই গ্রামের আবুল কাশেমের মেয়ে শাহানা বেগমের সঙ্গে মাইজদী হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রাশেদুল আলমের বিয়ে হয়। বিয়ের পর থেকে রাশেদুল ও তাঁর পরিবারের সদস্যরা শাহানাকে নির্যাতন করছিল। গত তিন-চার মাস আগে শাহানাকে তারা তাঁর বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। শাহানার মা রহিমা বেগম অভিযোগ করেন, তাঁরা দুই লাখ টাকা যৌতুক না দেওয়ায় রাশেদুল ও তাঁর পরিবারের সদস্যরা শাহানাকে হত্যা করে।১ সেপ্টেম্বর ভোরে সুধারাম থানার পুলিশ রাশেদুলের বাড়ি থেকে শাহানা বেগমের লাশ উদ্ধার করে। তাঁর শ্বশুরবাড়ির লোকজন শাহানার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করে; তবে শাহানার পরিবারের অভিযোগ, শাহানাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো. এয়াছিন প্রথম আলোকে জানান, লাশের ময়নাতদন্ত হয়েছে, তবে প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। তিনি আরও জানান, ঘটনার দিন রাশেদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।