নোয়াখালীতে সরকারি খাল দখল ও ভরাটের উৎসব
নোয়াখালীর সেনবাগে সরকারি খাল দখল ও ভরাটের যেন উৎসব চলছে। এর মধ্যে ছাতারপাইয়া পশ্চিম বাজারের বেইলি ব্রিজের নিচের পুরো খালই ভরাট করে ফেলেছেন দখলদারেরা। সরেজমিনে দেখা যায়, সেনবাগ উপজেলার ছমিরমুন্সীরহাট বাজারে ফেনী-নোয়াখালী মহাসড়কের উত্তর পাশের খাল, সেনবাগ রাস্তার মাথার আশপাশের একাধিক খাল, সেবারহাট বাজারে মহাসড়কের উত্তর পাশের সরকারি জায়গা, কানকিরহাট বাজারের সেনবাগ-সোনাইমুড়ী সড়কের উত্তর পাশের খাল দখল করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। এ ছাড়া ছাতারপাইয়া বাজারে ছাতারপাইয়া-চৌমুহনী খাল, ছাতারপাইয়া-চিলাদী-বিরাহিমপুর খাল এবং বাজারের আশপাশের প্রায় সব খাল দখলের প্রতিযোগিতা চলছে। প্রতিটি খালের ভেতর আরসিসি ঢালাই করে গড়ে তোলা হয়েছে স্থায়ী স্থাপনা। যা সরকারি একসনা বন্দোবস্ত নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। কিন্তু এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই বলে অভিযোগ করেছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।ছাতারপাইয়া পশ্চিম বাজারে সেনবাগ-সোনাইমুড়ী সড়কে ছাতারপাইয়া-চৌমুহনী খালের ওপর নির্মিত বেইলি ব্রিজের কাছে গিয়ে দেখা যায়, সেখানে ব্রিজের আশপাশে এমনভাবে দখলের পাশাপাশি ময়লা-আবর্জনা খালে ফেলা হয়েছে, তাতে পুরো খালই ভরাট হয়ে গেছে। বাজারের ব্যবসায়ী আবদুল মজিদ বলেন, ছাতারপাইয়া বাজার থেকে আশপাশে যে কয়টি সড়ক গ্রামের দিকে গেছে এবং যে সড়কের পাশেই খাল রয়েছে, সেখানেই অবৈধ দখল গড়ে উঠেছে। দখলকারী ব্যক্তিরা এরই মধ্যে এই এলাকার প্রধান খালটি ভরাট করে ফেলেছেন। এতে এই এলাকায় জলাবদ্ধতা ভবিষ্যতে মারাত্মক রূপ ধারণ করবে। খালের ওপর গড়ে তোলা দোকানঘরের মালিক মো. ইসমাইল প্রথম আলোকে বলেন, তিনি জেলা পরিষদ থেকে খালের জায়গা একসনা বন্দোবস্ত নিয়েছেন। কিন্তু একসনা বন্দোবস্তের জায়গায় স্থায়ী স্থাপনা নির্মাণের নিয়ম আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সবাই তো এভাবেই ঘর তুলছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, ‘ভরাট হওয়া পুনরুদ্ধারের বিষয়ে পদক্ষেপ নিতে স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেবেন। এ ছাড়া খালের অবৈধ দখলদারদের বিষয়েও খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।