নোয়াখালীর সোনাইমুড়ীর অম্বনগর গ্রামে সহকারী পুলিশ সুপারের (এএসপি-বেগমগঞ্জ সার্কেল) গাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। গত রোববার রাতে ওই গ্রাম থেকে সেনবাগ থানার একটি হত্যা মামলায় সন্দেহভাজন এক আসামি মো. ইকবালকে ধরতে গেলে এ ঘটনা ঘটে। এতে এএসপি মাহবুব আলম খান ও পুলিশের দুই সদস্য আহত হন। এ সময় মসজিদের মাইকে গ্রামে ডাকাত এসেছে প্রচার করলে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের অবরুদ্ধ করে রাখে। পরে ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুব রশীদ অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করেন। এ ঘটনার পর গতকাল সোমবার সকাল পর্যন্ত অম্বনগর গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ইকবালের স্ত্রী সাহিদা আক্তার ও নিরীহ গ্রামবাসীসহ ২০ জনকে আটক করে। তবে গৃহকর্তা ইকবালকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশি অভিযানের কারণে পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। সরেজমিন গিয়ে গ্রামের ছোটখাটো বাজারগুলোর সব দোকানপাট বন্ধ দেখা যায়।এএসপি মাহবুব আলম খানের ভাষ্যমতে, রাত আনুমানিক দেড়টার দিকে তিনি সেনবাগ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ থানার একদল পুলিশ নিয়ে সেনবাগ থানার একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি অম্বনগর গ্রামের বড়বাড়ির মো. ইকবালের বাড়িতে যান। তিনি ও সঙ্গের পুলিশ সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে ফটক খুলতে অনুরোধ করেন। কিন্তু গৃহকর্তা ফটক না খুলে মুঠোফোনে ডাকাত এসেছে বলে আশপাশে খবর দেন। এ সময় মসজিদ থেকেও ইকবালের বাড়িতে ডাকাত এসেছে বলে প্রচার করলে মুহূর্তের মধ্যে কয়েক হাজার লোক চারদিক থেকে তাঁদের ঘিরে ধরেন। একপর্যায়ে তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।স্থানীয় বাসিন্দারা দাবি করেন, ইকবাল কাজিরহাট বাজারের ব্যবসায়ী এবং অরাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত। তাই তাঁর বাড়িতে ডাকাত এসেছে শুনে সবাই উত্তেজিত হয়ে ছুটে আসেন। কিন্তু এই সুযোগে সন্ধানী চক্র পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুব রশীদ বলেন, পুলিশের কর্মকর্তা ও সদস্যরা পোশাক পরা অবস্থায় ওই বাড়িতে গিয়ে তাঁদের পরিচয়ও দিয়েছিলেন। এর পরও মাইকে ডাকাত ঘোষণা দেওয়ায় স্থানীয় জনতা উত্তেজিত হয়েছিল। কিন্তু গাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি বিশেষ কোনো গোষ্ঠীর কাজ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।