নোয়াখালীতে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়নের ব্রহ্মপুরে দৈনিক মুক্ত খবর-এর নগর সম্পাদক ফিরোজ আলমের বাড়িতে গত শনিবার রাতে হামলা চালিয়ে মালামাল লুট করেছে সন্ত্রাসীরা। হামলায় সাংবাদিক ফিরোজের পরিবারের ছয় সদস্য আহত হয়। আহতদের মধ্যে ফিরোজের মা আয়েশা আলম (৬০), ছেলে তারেক আজিজ (১৮) ও ছোট ভাই মুক্ত খবর-এর স্থানীয় প্রতিনিধি মিজানুর রহমানকে (৩০) নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মিজানুরের অবস্থা গুরুতর।ফিরোজ আলম জানান, স্থানীয় একটি চায়ের দোকানের সামনে শনিবার সকালে তাঁর ছেলে তারেকের সঙ্গে এক যুবকের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তারেককে মারধর করেন দোকানি খোকন। এর জের ধরে তারেকের চাচা মিজানুরের সঙ্গেও খোকনের তর্ক ও হাতাহাতি হয়। সাংবাদিক ফিরোজ আরও জানান, রাত সাড়ে আটটার দিকে খোকন ৩০-৩৫ জন লোক নিয়ে অতর্কিতে তাঁদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির আসবাব ভাঙচুর ও মালামাল লুট করে। হামলার সময় খোকনের চাচা স্থানীয় চরমটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিনও উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল ইউপি চেয়ারম্যান কামালের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।সুধারাম থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সিরাজ উদ্দিন জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।