নোয়াখালীতে সালাউদ্দিন হত্যার ঘটনায় পিতা-পুত্র গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জের পশ্চিম নরোত্তমপুর গ্রামে জুয়ার টাকা নিয়ে মো. সালাউদ্দিনকে (৩৯) হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফিরোজ আলমের পিতা ও বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে নরোত্তমপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: পিতা জয়নাল আবদিন (৫২) ও বড় ভাই মো. ফারুক (৩৪)। তাঁদের গতকাল বৃহস্পতিবার নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় জুয়া খেলার টাকা নিয়ে নরোত্তমপুর গ্রামের গুড়া হাজি বেপারী বাড়ির মো. সালাউদ্দিনের সঙ্গে পাশের বাড়ির ফিরোজ আলমের ঝগড়া হয়। ওই সময় এলাকার মুরব্বিরা ঝগড়া মিটিয়ে দিলেও কিছুক্ষণ পর ফিরোজ বাড়ি থেকে ধারালো অস্ত্র এনে সালাউদ্দিনকে কুপিয়ে আহত করেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। এ ঘটনায় নিহত সালাউদ্দিনের ভাই রহিম উল্লা বাদী হয়ে ফিরোজ আলম, তাঁর বাবা, ভাইসহ সাতজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি জয়নাল আবদিন ও ফারুককে গ্রেপ্তার করে।