নোয়াখালীতে সিপিবি নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নোয়াখালী সদর উপজেলা কমিটির সভাপতি কমরেড মফিজুর রহমানের হত্যার ঘটনায় বেলাল হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সুবর্ণচরের চরজব্বার থানা-পুলিশ।
গত মঙ্গলবার দিবাগত রাতে নোয়াখালী শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বেলাল শহরের সোনাপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় মাইক্রোবাসচালক। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বেলালকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল বুধবার সকালে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানতে চাইলে হত্যার ঘটনায় এক ব্যক্তি গ্রেপ্তার হওয়ার কথা নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এনামুল কবির। গতকাল বিকেলে প্রথম আলোকে তিনি বলেন, গ্রেপ্তারকৃত বেলালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাই ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।
এদিকে, সিপিবির নেতা মফিজুর রহমানের হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল নোয়াখালীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির আয়োজন করে সিপিবির নোয়াখালী জেলা শাখা।
সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা সিপিবির সভাপতি মজিবুল হক। অন্যদের মধ্যে বক্তৃতা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ্ আলম, জেলা সেক্রেটারি জাফরউল্যা বাহার, জেলা সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিমলেন্দু মজুমদার, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা কমিটির সহসভাপতি সহিদ উদ্দিন বাবুল, সিপিবির নেতা মোল্লা হাবিবুর রসুল মামুন, বাসদ জেলা কমিটির সদস্য দলিলুর রহমান দলিল প্রমুখ।
বক্তারা বলেন, সারা দেশে বর্তমানে খুন, গুম, অপহরণসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। একদিকে আইনশৃঙ্খলা বাহিনী কথিত বন্দুকযুদ্ধের নামে বিনা বিচারে হত্যা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, সন্ত্রাসীরা প্রতিদিন একের পর এক হত্যা করে যাচ্ছে। দেশের মানুষ আজ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চায়।
গত ২৭ এপ্রিল রাতে দুর্বৃত্তরা সিপিবি নোয়াখালী জেলা শাখার সদস্য ও সদর উপজেলা সিপিবির সভাপতি মফিজুর রহমানকে (৬০) গলা ও হাত-পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সুবর্ণচরের চরজব্বার থানা-পুলিশ স্থানীয় আল-আমিন রাস্তার মাথার কাছের একটি খেত থেকে তাঁর লাশ উদ্ধার করে।