নোয়াখালীতে সিপিবি নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নোয়াখালী সদর উপজেলা কমিটির সভাপতি মফিজ উল্লার (৫৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সুবর্ণচর উপজেলার আল-আমিন রাস্তারমাথা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত মফিজ উল্লা হাতিয়ার চরকিং ইউনিয়নের ফরাজি গ্রামের বাসিন্দা। তিনি রাজনীতির পাশাপাশি প্রগতি লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কাজ করতেন। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মফিজ উল্লার লাশ উদ্ধারের তথ্যের সত্যতা নিশ্চিত করে সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এনামুল কবির বলেন, স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। আজ সকালে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়।

এনামুল কবির বলেন, ‘লাশের গলা কাটা হয়েছে। দুই হাতেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ছাড়া মাথা থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও তাঁকে হত্যা করে ওই স্থানে লাশ ফেলে গেছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে এ বিষয়ে মামলা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য আজ সকালে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিপিবির জেলা কমিটির সদস্য মোল্লা হাবিবুর রসুল মামুন প্রথম আলোকে বলেন, মফিজ উল্লা সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি। তিনি গতকাল সন্ধ্যার পর জেলা শহরের খন্দকারপাড়া এলাকার বাসা থেকে বের হন। এরপর রাতে আর বাসায় ফেরেননি। আজ সকালে চরজব্বার থানা থেকে তাঁকে ফোন করে ঘটনাটি জানানো হয়েছে।