নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলার রাজুরগাঁও গ্রামের চাঞ্চল্যকর পলি হত্যা মামলায় স্বামী ছোটন চন্দ্র পালকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর আসামি খোকন চন্দ্র দাসকে বেকসুর খালাস দেওয়া হয়।গতকাল বৃহস্পতিবার নোয়াখালীর জেলা ও দায়রা জজ মোহাম্মদ আশরাফ হোসেনের আদালত এ রায় দেন।আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালে কবিরহাট উপজেলার পূর্ব রাজুরগাঁও গ্রামের সুভাস চন্দ্র পালের মেয়ে পলির সঙ্গে একই উপজেলার অমরপুর (চাপরাশিরহাট) গ্রামের প্রীতি রঞ্জন পালের ছেলে ছোটন চন্দ্র পালের বিয়ে হয়। বিয়ের পর ছোটন পার্শ্ববর্তী এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হলে পলি তাঁকে বাধা দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। ২০০৯ সালের ১৯ ফেব্রুয়ারি ছোটন পলিকে তাঁর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নেওয়ার পথে কোমল পানীয়র সাথে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে পার্শ্ববর্তী একটি ধানখেতের মধ্যে ক্ষুর দিয়ে জবাই করে হত্যা করে। এ ঘটনায় পলির মা খুকু রানী পাল বাদী হয়ে ছোটন চন্দ্র পালসহ তিনজনকে আসামি করে কবিরহাট থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ছোটনসহ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।