নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর মাইজদী-সোনাপুর সড়কের উত্তর সোনাপুর এলাকায় গতকাল সোমবার পিকআপ ভ্যান ও ট্রাকের ধাক্কায় এক তরুণ আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই সড়ক অবরোধ করে।গতকাল বেলা ১১টার দিকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকার সময় জেলা জজ আদালতের আইনজীবী মেজবাহ উদ্দিন হারুন (২৮) দুর্ঘটনার শিকার হন।স্থানীয় ব্যক্তিরা জানান, আইনজীবী মেজবাহ উদ্দিন হারুন (২৮) বাসা থেকে মাইজদী যাওয়ার পথে মাটি পরিবহনকারী পিকআপ ভ্যানটি তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। একই সময়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি ট্রাক তাঁকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে বিকেলে তিনি মারা যান। নিহত হারুন উত্তর সোনাপুর এলাকার কাজী সিরাজ উল্লাহর ছেলে।হারুনের মৃত্যুর খবরে বিকেল পাঁচটার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী মাইজদী-সোনাপুর সড়ক অবরোধ করে। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে এসেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে পুলিশলাইনস থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। সন্ধ্যা ছয়টায় সড়কে যানবাহন চলাচল শুরু করে।সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক জানান, অল্প কিছু সময় উত্তেজিত এলাকাবাসী সড়ক অবরোধ করে রেখেছিল। তবে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।