নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে গেলে ঘটনাস্থলেই মো. শাহজাহান (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার সিরাজপুর ইউনিয়নের লোহারপুল এলাকায় যাত্রীবাহী অটোরিকশাটি রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে অটোরিকশার এক যাত্রী নিহত ও অপর দুই যাত্রী আহত হন।

শাহজাহান জেলার সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের আবদুস সাত্তারের ছেলে। দুর্ঘটনায় আহত দুজনের মধ্যে আলাউদ্দিনকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। আহত অপর ব্যক্তির তাত্ক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। তিনি স্থানীয় একটি ক্লিনিকে চিকিত্সা নিয়েছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

জানতে চাইলে হতাহতের কথা নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।