নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে সেবারহাট পূর্ব বাজারে ফেনীর দাগনভূঞা সীমানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর গ্রামের লিটন মিয়ার ছেলে মো. বাবু (১০) ও সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের দক্ষিণ সাহাপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. কাইছার (১২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১১টার দিকে নোয়াখালী থেকে ফেনী অভিমুখী সুগন্ধা সুপার কিং সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একই পরিবহনের আরকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাবু ও ফেনীর হাসপাতালে নেওয়ার পথে কাইছার মারা যায়। দুর্ঘটনায় আহত লোকজনকে স্থানীয়রা উদ্ধার করে সেনবাগ ও দাগনভূঞার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটিকে আটক করে

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহম্মেদ ভূঁইয়া দুর্ঘটনার কথা নিশ্চিত করেন। তিনি প্রথম আলো ডটকমকে জানান, বাবুর মৃত্যুর বিষয়টি তাঁরা নিশ্চিত হতে পেরেছেন, তবে কাইছারের মৃত্যুর বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। এ ঘটনায় সেনবাগ থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।