নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের গোদার মসজিদ এলাকায় মাইজদী-সোনাপুর সড়কে গতকাল মঙ্গলবার বাসের চাকায় পিষ্ট হয়ে মো. রাহুল (১২) নামের এক শিশু নিহত হয়েছে। সে স্থানীয় আল-মাদ্রাসাতুদ দ্বীনিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের হরিনারায়ণপুরের মো. রিপনের ছেলে রাহুল সকালে মক্তবের পড়া শেষে বাসায় ফিরছিল। রাস্তা পার হওয়ার সময় সোনাপুর থেকে মাইজদীগামী আল-আমিন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে সড়কের ওপর অবস্থান নেয়। ক্ষুব্ধ জনতা ওই সড়ক দিয়ে যাওয়ার সময় আল-আমিন পরিবহনের অন্য একটি বাস ভাঙচুর করে এবং সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল দুর্ঘটনার খবর নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।